নৈরাজ্য প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল
দেশবিরোধী ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কেউ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা মোকাবিলার সক্ষমতা বিএনপির রয়েছে। এ জন্য দলের বিপুলসংখ্যক নেতাকর্মীই যথেষ্ট। নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিরোধে দলীয় নেতাকর্মীরা ভূমিকা রাখতে পারবেন।
দেশের অর্থনৈতিক অগ্রগতি প্রসঙ্গে মীর হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বিদেশি বিনিয়োগ প্রায় ১২ থেকে ১৪ শতাংশ বেড়েছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হারও বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকার উন্নয়নসংক্রান্ত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতী দল ও কৃষক দলের নেতারা এলাকার প্রয়োজন অনুযায়ী উন্নয়ন প্রস্তাব দিলে সেগুলো অনুমোদনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
নিজের সঙ্গে নগরের ১৩ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে মীর হেলাল বলেন, এ এলাকার কাছেই তার বেড়ে ওঠা। তার চাচারাও এখনো সেখানে বসবাস করেন। স্থানীয় মানুষের সঙ্গে তার গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। এলাকায় একের পর এক দুর্ঘটনার খবর পেয়ে একসময় তিনিও মানববন্ধনে অংশ নিয়েছিলেন। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছিল।
নির্মিত ফুটওভার ব্রিজটিকে চট্টগ্রামের অন্যতম দৃষ্টিনন্দন ও নিরাপদ অবকাঠামো উল্লেখ করে নগরের অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানেও এ ধরনের ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
জনপ্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রকৃত মালিক ১৮ কোটি জনগণ। সংসদ সদস্য ও মন্ত্রীরা জনগণের সেবক। জনগণের সেবা করাই তাদের মূল দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক মো. মাহফুজুর রহমান।
পরে নামফলক উন্মোচনের মাধ্যমে ফুটওভার ব্রিজটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য ৪২ মিটার, প্রস্থ ৮ ফুট এবং উচ্চতা ১৮ ফুট। আট মাসে এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।