ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পদত্যাগের আগেই আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার সালথার সভাপতি

শালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ১৫ নভেম্বর ২০২৬
পদত্যাগের আগেই আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার সালথার সভাপতি
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়াকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, দলীয় নীতিমালা লঙ্ঘন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে বহিষ্কারের সিদ্ধান্ত প্রকাশের আগেই দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছিলেন দেলোয়ার হোসেন। ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে রাজনৈতিক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিতে তিনি ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজনের আবেদন করেন। আজ রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে তাঁর সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

গত শনিবার (১৪ নভেম্বর) ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের ৪৭(১) ও ৪৭(১০) ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক নীতিমালার গুরুতর লঙ্ঘন, দলীয় শৃঙ্খলাভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং ধৃষ্টতাপূর্ণ ও গর্হিত কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা রক্ষার স্বার্থে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগ জানায়, বহিষ্কারের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আর কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না। একই সঙ্গে বাতিল হয়েছে তাঁর দলের প্রাথমিক সদস্যপদও।

এদিকে পদত্যাগের ঘোষণা দিতে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার মধ্যেই বহিষ্কারের সিদ্ধান্ত আসে। ফলে পদত্যাগের ঘোষণা দেওয়ার আগেই দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ হারালেন দীর্ঘদিন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা দেলোয়ার হোসেন। এ ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা।

ডেইলি-বাংলাদেশ/শালথা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!