ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ৩

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ১২ নভেম্বর ২০২৬
গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ৩
গ্রেফতারকৃত তিনজন ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকার মৃত দলুরুদ্দিন সরদারের ছেলে জামাল সরদার (৪৮), গোয়ালন্দ উপজেলার শামসু মাস্টারপাড়া এলাকার মৃত মজিদ শেখের ছেলে হাতেম শেখ (৫৭) এবং রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষ্মীপুর এলাকার মৃত রহমান বিশ্বাসের ছেলে মোঃ শহীদ বিশ্বাস (৫৫)।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই তিন ব্যক্তির দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান পরিচালনার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।”

দণ্ডপ্রাপ্ত তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/রাজবাড়ী/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!