ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরব থানার ওসির বিরুদ্ধে ঢাকায় সচেতন নাগরিকদের বিক্ষোভ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ১২ নভেম্বর ২০২৬
ভৈরব থানার ওসির বিরুদ্ধে ঢাকায় সচেতন নাগরিকদের বিক্ষোভ
সচেতন নাগরিকদের বিক্ষোভ। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব পালনে অসংগতির অভিযোগ তুলে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভৈরবের সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাজল, সমাজকর্মী ও সংগঠক তৌফিকুর রহমান, মাসুম মিয়া ও আলা আমিন মিয়াসহ অন্যরা।

সমাবেশে বক্তারা ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব পালনে অসংগতির অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করা। কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

সমাবেশ থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা অভিযোগগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!