আদালতের রায় পেয়েও ৩০ বছর ধরে জমির দখল পাচ্ছেন না কাদের হাওলাদার
পটুয়াখালীর সদর উপজেলার গাবুয়া গ্রামে নিজের মালিকানাধীন জমি ও বসতঘরের দখল ফিরে পাচ্ছেন না আবদুল কাদের হাওলাদার। প্রায় ৩০ বছর ধরে জমি দখল নিয়ে বিরোধ, হয়রানি, মারধর ও প্রাণনাশের হুমকির শিকার হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন তিনি। তার দাবি, ২০২০ সালে আদালতের রায় নিজের পক্ষে পেলেও এখন পর্যন্ত জমির দখল বুঝে পাননি।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে পটুয়াখালীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কাদের হাওলাদার।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গাবুয়া গ্রামে ওয়ারিশসূত্রে পাওয়া ৪ একর ৯২ শতাংশ রেকর্ডীয় এবং দলিলমূলে ৬ একর ৪০ শতাংশ জমির মালিক তিনি। এসব জমির সিএস খতিয়ান নম্বর ৬২ এবং এসএ খতিয়ান নম্বর ৪৯২ ও ৪৯৩। জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও মূল দলিলও তার কাছে রয়েছে।
কাদের হাওলাদারের অভিযোগ, প্রায় ৩০ বছর আগে স্থানীয় এসকান রাড়ী, নজরুল রাড়ী, সেলিম রাড়ী, আলতাফ রাড়ী ও তার দুই ছেলে জাল দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি পটুয়াখালী জজ আদালতে মামলা করেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২০ সালে আদালতের রায় তার পক্ষে আসে। তবে রায় পাওয়ার পরও প্রতিপক্ষের বাধার কারণে জমির দখল বুঝে নিতে পারেননি তিনি।
তিনি আরও অভিযোগ করেন, জমিতে যেতে বাধা দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের লোকজন তার ফসল ও গাছপালা কেটে নিয়েছেন। বিভিন্ন সময়ে তাকে মারধর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ এবং গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেও কোনো সমাধান পাননি বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে কাদের হাওলাদার আদালতের রায় বাস্তবায়ন, জমি ও বসতঘরের দখল ফিরিয়ে দেওয়া এবং অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি নিজের জমিতে নিরাপদে যাতায়াত ও বসবাসের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।