টাঙ্গাইলে নারী অভিবাসী ফোরামের ত্রৈমাসিক সভা
টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশফেরত নারীদের পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে ত্রৈমাসিক আলোচনা সভা করেছে নারী অভিবাসী ফোরাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সদর উপজেলার সাবালিয়ায় ব্র্যাক কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারী অভিবাসী ফোরামের সভাপতি খন্দকার আমিনা রহমান। ব্র্যাকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার রিজিওনাল কো-অর্ডিনেটর এস এম তরিকুল ইসলাম। এ ছাড়া ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার শাহিনা আক্তার এবং পর্যবেক্ষক সদস্য ও ডেপুটি ম্যানেজার মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিদেশফেরত নারীরা দেশে ফিরে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েন। তাদের সুরক্ষা, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও পুনর্বাসনে নারী অভিবাসী ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতারণা থেকে নারীদের সুরক্ষা এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। এতে নারীরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।
সভায় স্থানীয় পর্যায়ে বিদেশফেরত ক্ষতিগ্রস্ত নারীদের চিহ্নিত করে সহায়তা দেওয়া, পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়া এবং ফোরামের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া আগামী ত্রৈমাসিক সভার আগে বিদেশফেরত ক্ষতিগ্রস্ত নারী অভিবাসীদের ফোরামের কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং নতুন অভিবাসনপ্রত্যাশীদের নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।