[ দেশজুড়ে ]
সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ
লালমোহনে নিহত আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার লালমোহন উপজেলায় সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে মো. আব্দুল জলিল (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত আব্দুল জলিলের আপন বড় ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে পুলিশ। নিহত আব্দুল জলিল ও আটক মো. সহিদ দুজন ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে।
জানা গেছে, বুধবার সকালে বাগান থেকে সুপারি পাড়তে যান আব্দুল জলিল। এ সময় তার বড় ভাই সহিদ সুপারি পাড়তে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সহিদ তার ছোট ভাই আব্দুল জলিলের গলা সুপারি গাছের সঙ্গে চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জলিলের।
এ বিষয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির আপন বড় ভাইকে আটক করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/ভোলা
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!