ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ১১ নভেম্বর ২০২৬
জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে নিহত রাসেলের্ লাশ দেখতে উৎসুক জনতার ভীড়। ছবি- ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার বাসিন্দা ইলিয়াস হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে কয়েকজন কৃষক কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের পাশে ইকো পার্কসংলগ্ন একটি খাদের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের পাশে নীল রঙের একটি আরটিআর মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার রাতের কোনো একসময় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল সড়কের পাশের একটি খেজুরগাছে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত রাসেলের বাবা ইলিয়াস হোসেন বলেন, ‘আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করত। মঙ্গলবার রাত ৮টার দিকে সন্তোষপুর পাম্প থেকে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। সারারাত তার মুঠোফোনে কল দিয়েছি, কিন্তু সে ফোন রিসিভ করেনি। বুধবার ভোরে খবর পাই, সে দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাস্থলে এসে দেখি, আমার ছেলে মারা গেছে।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘সন্তোষপুর ইকো পার্কের কাছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!