বজ্রপাতে নিহত কৃষক লিটনের পরিবার পেল ২ লাখ ১৮ হাজার টাকা
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে নিহত কৃষক লিটন সরকারের পরিবারকে ২ লাখ ১৮ হাজার টাকার বিমার চেক দিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। বিমার প্রথম কিস্তি পরিশোধের মাত্র তিন দিন পর বজ্রপাতে নিহত হন লিটন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে মাধবপুরের সুরমা উৎসব মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে বিমার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার সুশান্ত চন্দ্র শীল। এতে প্রধান অতিথি ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী। এ সময় কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সামসুল আরেফিন ভূঁইয়া, ইউনিট ম্যানেজার আলম মিয়া ও প্রাণেশ সরকার উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুরের সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে লিটন সরকার (২৮) গত ১৪ সেপ্টেম্বর সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ১২ বছর মেয়াদি একটি বিমা করেন। মাসে দুই হাজার টাকা কিস্তিতে বিমাটির প্রথম কিস্তিও পরিশোধ করেন তিনি।
এর তিন দিন পর, ১৭ সেপ্টেম্বর মাঠে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী ও তিন বছর বয়সী এক ছেলেসন্তান রেখে যান।