ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

সময় বাড়ল চবিতে ভর্তি পরীক্ষার আবেদনের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ১১ নভেম্বর ২০২৬
সময় বাড়ল চবিতে ভর্তি পরীক্ষার আবেদনের
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। এইচএসসির সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৫ নভেম্বর বেলা ১১টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আবেদনের শেষ সময় ছিল ১০ ডিসেম্বর ২০২৬। তবে নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ১০ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে। এ ছাড়া আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১২ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রশাসন সূত্র জানায়, এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত জিপিএর শর্ত পূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তাদের আবেদনের সুযোগ নিশ্চিত করতেই সময়সীমা বাড়ানো হয়েছে।

তবে আবেদনের সময় বাড়ানো হলেও ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ‘যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, তারাও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার সুযোগ পাবেন। তাদের সুবিধার কথা বিবেচনা করেই আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে, যাতে তারা আবেদন করতে কোনো সমস্যায় না পড়েন।’

ডেইলি-বাংলাদেশ/চবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!