ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

নবায়নযোগ্য জ্বালানির পথে নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ১১ নভেম্বর ২০২৬
নবায়নযোগ্য জ্বালানির পথে নোবিপ্রবি
নোবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো সৌরবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট খরচ পড়বে ৪ টাকা। প্রাথমিক পর্যায়ে এ বিদ্যুৎ সরবরাহ করা হবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এ অবস্থিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ল্যাবে।

বুধবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানী। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে সৌরশক্তি ব্যবহারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, এআই ল্যাবের জন্য নেওয়া সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রকল্পের আওতায় উৎপাদিত বিদ্যুৎ এআই ল্যাবে সরবরাহ করা হবে। ল্যাবটি একাডেমিক ভবন-৩-এ অবস্থিত হলেও ভবনটির ছাদ নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এ কারণে আপাতত কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। একাডেমিক ভবন-৩-এর নির্মাণকাজ শেষ হলে প্যানেলগুলো সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। প্রধানমন্ত্রীও সৌরবিদ্যুতের ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছেন। নোবিপ্রবিতে ড. আসাদুন্নবীর প্রকল্পের মাধ্যমে এ সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রকল্পটির আওতায় ২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

পুরো ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে উপাচার্য বলেন, শিগগিরই ক্যাম্পাসজুড়ে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুতের ঘাটতি মোকাবিলা এবং বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের চাহিদা পূরণের সক্ষমতা অর্জন করতে চায় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১০০ একর আয়তনের নোবিপ্রবিতে প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ ব্যয় হয় প্রায় ৩৩ থেকে ৩৪ লাখ টাকা। এ বিপুল ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গত ১৫ অক্টোবরও পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন উপাচার্য।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন এবং প্রকল্পসংশ্লিষ্ট এসপিএম ড. আসাদুন্নবী উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/নোবিপ্রবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!