ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাতক্ষীরা সীমান্তে ৮ লাখ ৬৬ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ৯ নভেম্বর ২০২৬
সাতক্ষীরা সীমান্তে ৮ লাখ ৬৬ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে গুঁড়া দুধ, ওষুধ, মোবাইলের চার্জিং পিন, খুচরা যন্ত্রাংশ ও কাশির সিরাপ।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপি এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, পদ্মশাখরা বিওপির টহল দল সীমান্ত পিলার-১ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চেয়ারম্যানের মোড় এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় গুঁড়া দুধ উদ্ধার করে।

কাকডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৩ ও ৬ নম্বর আরবি থেকে যথাক্রমে প্রায় ১৫০ ও ২০০ গজ ভেতরে কেঁড়াগাছি ও ভাদিয়ালি এলাকা থেকে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে।

এ ছাড়া মাদরা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ১৩ নম্বর আরবি থেকে প্রায় ১০০ গজ ভেতরে চান্দা এলাকা থেকে ছয় লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইলের চার্জিং পিন উদ্ধার করে। সুলতানপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৬/৭ এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইলের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করে।

অন্যদিকে, ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাড়দ্দহা এলাকা থেকে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় আরসি কাফ সিরাপ উদ্ধার করে।

সব মিলিয়ে এসব পণ্যের বাজারমূল্য ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/সাতক্ষীরা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!