প্রতিভা অন্বেষণে দৌলতখানে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করতে ভোলার দৌলতখান উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে দৌলতখান উপজেলা প্রশাসনের আয়োজনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে মূল অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা। পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে ক্রীড়াকে ভবিষ্যৎ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান, ওসি ফখরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি সাগরসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।