ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যুবসমাজকে সঠিক পথে রাখার সেরা মাধ্যম খেলাধুলা ---- রানা বিশ্বাস

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ৫ নভেম্বর ২০২৬
যুবসমাজকে সঠিক পথে রাখার সেরা মাধ্যম খেলাধুলা ---- রানা বিশ্বাস
ছবি- ডেইলি বাংলাদেশ

 তরুণ বয়সটা হলো প্রচণ্ড শক্তিতে ভরপুর একটি সময়। এই শক্তিকে যদি আমরা সঠিক পথে পরিচালিত করতে না পারি, তবে সমাজ পিছিয়ে পড়বে। আর যুবসমাজকে সঠিক পথে রাখার সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর মাধ্যম হলো খেলাধুলা। পাবনার আরিফপুর হাজির হাট মাঠে আয়োজিত ‘তরুণদের জয়যাত্রা নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রানা গ্রুপের চেয়ারম্যান   এবং সাপ্তাহিক দেশ বিবরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রুহুল আমিন বিশ্বাস রানা।

 রুহুল আমিন বিশ্বাস রানা প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ফুটবল শুধু মাঠের একটা খেলা নয়, এটি জীবনের একটি বড় শিক্ষা। যখন একজন তরুণ মাঠে ফুটবল খেলে, সে শুধু গোল করার চেষ্টা করে না; সে শেখে কীভাবে একসঙ্গে কাজ করতে হয়, কীভাবে নেতৃত্ব দিতে হয় এবং কীভাবে পরাজয়কে মেনে নিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে হয়। সমাজে খেলাধুলার প্রভাব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন,  খেলাপ্রিয় তরুণরা  যেকোনো সামাজিক অপরাধ থেকে দূরে থাকে।   

রানা বিশ্বাস আরো বলেন, দিনের ক্লান্তি শেষে ফ্লাডলাইটের আলোর নিচে  ফুটবল ম্যাচ  কেবল খেলোয়াড়দের জন্যই নয়, বরং এলাকার সাধারণ মানুষের জন্যও এক চমৎকার ও সুস্থ বিনোদন। এমন আয়োজন পারস্পরিক সামাজিক মেলবন্ধনকে আরও দৃঢ় করে তুলবে।

৬নং ছাত্রদলের সাবেক সভাপতি মো. একরাম হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাজির হাট ব্যবসা সমিতির সদস্য হাজী আব্দুল রউফ, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মকু, দোগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন এবং সুইট ক্লাবের সভাপতি আলী আকবর হোসেন হৃদয় খানসহ বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ।

পাবনা সদর উপজেলার আরিফপুর হাজির হাট এলাকায় অনুষ্ঠিত এই নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

 

 

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!