[ দেশজুড়ে ]
ফুটবল খেলার জয়-পরাজয় নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফুটবল খেলার ফলাফল নিয়ে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ফুটবল খেলার জয়-পরাজয় নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ান। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!