চাঁদপুরে ১০০ মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী ১০০ শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে এ সহায়তা বিতরণ করা হয়। তার পক্ষে শিক্ষার্থীদের হাতে পে-অর্ডার চেক তুলে দেন জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ। অর্থ শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নাসিম আক্তার, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার এবং জান্নাত ও সাদিয়া আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ছাত্রদল নেতারা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়া উচিত নয়। প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। জাতীয় সমাজকল্যাণ পরিষদের এ আর্থিক সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে এবং আর্থিক সংকট মোকাবিলায় কাজে আসবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।