শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষক লালন। এ সময় জাতিসংঘে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। তখন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শিক্ষক মন্তব্য করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
.png)
শিক্ষার্থীদের দাবি, একপর্যায়ে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন ওই শিক্ষক। এতে শ্রেণিকক্ষে অসন্তোষ তৈরি হয়। পরে ক্লাস শেষে শিক্ষার্থীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তা স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে।
এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, মঙ্গলবার রাতে তিনি বিষয়টি জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শিক্ষক লালনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি কটূক্তির অভিযোগ অস্বীকার করেন। তবে প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের কারণে তার বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে, এমন মন্তব্য করার কথা তিনি জানিয়েছেন বলে জানান প্রধান শিক্ষক।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।