ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত, প্রধান আসামি গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা )প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত, প্রধান আসামি গ্রেপ্তার
র ঈশ্বরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ পরিদর্শনে হামলার মামলায় প্রধান আসামি রিপন মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে সলিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহির মণ্ডলের ওপর হামলার মামলার প্রধান আসামি মো. রিপন মুন্সী ওরফে ‘গিট্টু রিপনকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন মুন্সী উপজেলার দিয়াড় সাহাপুর গ্রামের মো. সিদ্দিক মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড়সংলগ্ন সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. রফিকুল ইসলাম বিশ্বাসের দোকানের সামনে হামলার ঘটনা ঘটে।

Advertisement

অভিযোগ রয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে গেলে প্যানেল চেয়ারম্যান মহির মণ্ডলের ওপর রিপন মুন্সী ও তার সহযোগীরা হামলা চালান। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করারও অভিযোগ ওঠে।

মামলার বাদী ও ডিলারের প্রতিনিধি মো. রাসেল হোসেন এজাহারে উল্লেখ করেন, ঘটনার দিন ডিলারের দোকানে পৌঁছানোর পর পূর্বশত্রুতার জেরে রিপন মুন্সীসহ তার সহযোগীরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে শহরের আলহাজ মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রিপন মুন্সীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!