রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানি, তিনজন গ্রেপ্তার
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় প্রতারণা ও শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহজাদপুর উপজেলার ডাকবাংলাপাড়া গ্রামের তারেক রাব্বি (৩৬), বাজিয়ারপাড়া গ্রামের হোসেন আলী (৪৮) ও বেড়াকুচাটিয়া গ্রামের চয়ন ইসলাম (২৭)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী ডাকবাংলাপাড়ার একটি বাসার তৃতীয় তলায় মেসে থাকেন। গত ২১ সেপ্টেম্বর রাতে তার এক পুরুষ বন্ধু ব্যক্তিগত প্রয়োজনে ওই মেসে যান। কিছুক্ষণ পর তিনি সেখান থেকে চলে যান।
.png)
এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই ছাত্রীর কক্ষের পাশের একটি বিকাশ অফিসের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ওই যুবকের আসা-যাওয়ার বিষয়টি দেখতে পান।
পরদিন ২৩ সেপ্টেম্বর সকালে ওই ছাত্রীকে বিকাশ অফিসে ডেকে নেওয়া হয়। সেখানে সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে তার কাছে ৩০ হাজার টাকা দাবি করা হয়। বিকেলের মধ্যে টাকা না দিলে ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
একই দিন রাতে ওই ছাত্রীকে আবারও বিকাশ অফিসে ডেকে নেওয়া হয়। তখন টাকা দিতে না পারলে তার গলায় থাকা সোনার চেইন দিতে বলা হয়। একপর্যায়ে তার পরনের পোশাক খুলে ফেলার চেষ্টাও করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।