গোয়ালন্দে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় হবি সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে শিশুটির বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। পরে পুলিশ মামলার একমাত্র আসামি হবি সরদারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হবি সরদার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওমেদ আলী সরদারপাড়ার বাসিন্দা। তিনি মৃত ওমেদ আলী সরদারের ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রতিবেশী শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়।
বুধবার সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি সালিসের মাধ্যমে ঘটনাটি রফাদফার চেষ্টা করেন বলে জানা গেছে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত হবি সরদারকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে বুধবার থানায় মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি হবি সরদারকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।