ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে জেলের মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
রাঙ্গামাটিতে জেলের মরদেহ উদ্ধার
বরকল থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটির বরকল উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. আলী নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুবলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুনাছড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুবলং যুবদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় মৎস্য ব্যবসায়ী নিজাম জোমাদ্দারের ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় জেলে মো. আলীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, নিজাম জোমাদ্দার আলীকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে এনে তার অধীনে জেলে হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কাজ করার পর বেতন না পাওয়ায় আলী আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

নিজাম জোমাদ্দার বলেন, জেলেরা দিনে তার বাড়িতে থাকেন এবং রাতে মাছ ধরতে চলে যান। ঘটনার দিন তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাঙ্গামাটিতে ছিলেন। বাড়িতে কেউ ছিলেন না। স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পেয়ে তিনি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

আলীকে বেতন না দেওয়ার অভিযোগের বিষয়ে নিজাম জোমাদ্দার বলেন, আলী প্রতি বছর মাছ ধরার মৌসুমে তার কাছে আসেন। তিনি তার পুরোনো ও পারিবারিক লোক। এলাকায় গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সুবলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মকিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটিতে নেওয়া হবে বলে তিনি শুনেছেন।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে। তবে ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!