কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জ শহরে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় ইসলামিয়া সুপার মার্কেটের সামনে আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার সাব্বির (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্লাজার পাঁচতলার ছাদে নির্মাণকাজ চলছিল। নিচ থেকে রড ওপরে তোলার সময় সেটি পাশের হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলছে।
.png)