কিশোরগঞ্জে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
কিশোরগঞ্জের ইটনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আফজাল হোসেন শান্তর ওপর হামলা, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হত্যার হুমকি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল-পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবীর, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ অন্যান্য নেতারা।
এ সময় বক্তারা অভিযোগ করেন, সারা দেশে রাজনৈতিক কর্মীদের হয়রানি করা হচ্ছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণ দিশেহারা হয়ে পড়েছে। তাঁরা অনতিবিলম্বে এই ধরনের নির্যাতন বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বাজারমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
.png)
সমাবেশ শেষে নেতাদের একটি প্রতিনিধিদল কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করে।