ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
উদ্ভাবনে দেশসেরা গাকৃবি

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন গাকৃবি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন গাকৃবি
উদ্ভাবনে দেশসেরা গাকৃবি। ছবি: ডেইলি বাংলাদেশ

 

গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এর বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে প্রতিষ্ঠানটি।

কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও গবেষণাসংশ্লিষ্ট উদ্ভাবনের বৈজ্ঞানিক গুরুত্ব, বাস্তব প্রয়োগযোগ্যতা, সৃজনশীলতা এবং বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় গাকৃবির প্রদর্শিত প্রযুক্তিগুলো সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। ‘Innovate to Market’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করে। মেলায় এক হাজারের বেশি উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবিত ৯৭টি জাত ও ২০টির বেশি প্রযুক্তির মধ্য থেকে নির্বাচিত ১২টি জাত ও প্রযুক্তি মেলায় প্রদর্শন করে। এসব উদ্ভাবনের মধ্যে কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও গবেষণাসংশ্লিষ্ট প্রযুক্তি দর্শনার্থী, শিল্প উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে।

তুলনামূলক মূল্যায়নে গাকৃবির উদ্ভাবনগুলোকে অধিক সম্ভাবনাময়, জনকল্যাণমুখী ও বাস্তব প্রয়োগযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উদ্ভাবকও উপস্থিত ছিলেন।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গবেষণাগার ও মাঠপর্যায়ের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফল।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনগুলো দেশের খাদ্য ও কৃষিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষির আধুনিকায়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের কৃষিখাতের আধুনিকায়ন, উন্নয়ন ও টেকসই অগ্রগতিতেও এসব উদ্ভাবন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের অন্যতম লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবনকে শিল্প ও বাজারের সঙ্গে সংযুক্ত করা। গবেষণালব্ধ প্রযুক্তির বাণিজ্যিক সম্ভাবনা তৈরি এবং দেশীয় প্রযুক্তিকে মানুষের জীবন ও অর্থনীতির কাজে লাগানোর মাধ্যমে উদ্ভাবনকে বাস্তবমুখী করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন হওয়া দেশের কৃষি গবেষণা ও উদ্ভাবনে প্রতিষ্ঠানটির ভূমিকার গুরুত্বপূর্ণ স্বীকৃতি। কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর উৎপাদনব্যবস্থায় গবেষণার ফল বাস্তবে কাজে লাগানোর ক্ষেত্রে এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আরও উৎসাহিত করবে।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!