নারীর ব্যানিটি ও কাঁধ ব্যাগে মিলল সাড়ে ৮ কেজি গাঁজা
ব্রাহ্মণবাড়িয়ায় কাঁধ ব্যাগ ও হ্যান্ডব্যাগে সাড়ে আট কেজি গাঁজা বহনের সময় এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রোববার দুপুরে জেলা শহরের গোর্কণঘাট ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। আটক রোজিনা খাঁন জেলার কসবা উপজেলার শীতলপাড়া এলাকার একরাম খাঁনের মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী এলাকা কসবা থেকে এক নারী মাদকের একটি চালান জেলাতে প্রবেশ করবে। এমন খবর পেয়ে আগে থেকে উৎপেতে থাকি। কিন্তু এই নারী জেলা শহরের রাস্তা বাদ দিয়ে জেলা শহরের ভাদুঘরের ভেতর দিয়ে গোর্কণঘাট এলাকায় নিয়ে নরসিংদী যাওয়ার চেষ্টা করে। পরে গোর্কণঘাট ব্রিজের ওপর থেকে কাঁধ ব্যাগ ও হ্যান্ডব্যাগসহ রোজিনাকে আটক করা হয়।
তিনি আরো জানান, পরে তার কাঁধ ব্যাগ ও হ্যান্ডব্যাগ তল্লাশি করে সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই অভিযান অব্যাহত থাকবে।