ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কোটি টাকার হিরোইনসহ দুইজন গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ১১ আগস্ট ২০২১
কোটি টাকার হিরোইনসহ দুইজন গ্রেফতার
কোটি টাকার হিরোইনসহ দুইজন গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে এক কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার বৈরি হরিনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা। 

গ্রেফতাকৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আচুয়াহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে আল আমিন এবং একই উপজেলার মাটিকাভাটা গ্রামের আমিনুল ইসলামের ছেলে নয়ন।

বুধবার দুপুরে গণমাধ্যমে দেওয়া র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন  তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার বৈরি হরিনাবাড়ি এলাকায় অবস্থান নেয়। এসময় রাজশাহী থেকে আসা রংপুরগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ১ কেজি  ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় মা বাবার দোয়া নামে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়। 

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের  ফ্লাইট লেফটেন্যান্ট ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান,  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা নিয়মিত বিভিন্ন যানবাহনে রাজশাহী থেকে মাদকদ্রব্য গাইবান্ধা ও রংপুরসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিলেন। তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে গোপন অনুসন্ধান চলছে। এ ঘটনায় পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!