ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

স্ত্রীর দাবি: শাকিব মিজানকে নিয়ে ব্যবসা করেনি, করেছে জয়

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১৯, ৪ নভেম্বর ২০২৬
স্ত্রীর দাবি: শাকিব মিজানকে নিয়ে ব্যবসা করেনি, করেছে জয়
ছবি: সংগৃহীত

স্ট্রোকজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে বিছানায় শয্যাশায়ী চলচ্চিত্র অভিনেতা মিজানুর রহমান মিজান। গত প্রায় ৯ মাসেরও বেশি সময় ধরে বিছানা থেকে ওঠার ক্ষমতা হারিয়েছেন তিনি। অসুস্থ স্বামীর সুচিকিৎসা ও সহায়তার জন্য গত অক্টোবর মাসের শেষ দিকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের কাছে সাহায্যের আকুতি জানিয়েও সাড়া মেলেনি বলে তার স্ত্রী দাবি করেছেন। 
তিনি আরও দাবি করেছেন যে, জয় চৌধুরী সাহায্যের নামে মিথ্যাচার করছেন।
সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এসে ক্ষোভ প্রকাশ করেন মিজানের স্ত্রী। তিনি অভিযোগ করেন, চলচ্চিত্র শিল্পী সমিতির যে প্যানেলের জন্য একসময় মিজান কাজ করেছিলেন, তাদের মধ্য থেকে জায়েদ খান ও নিপুণসহ কেউ এখন পর্যন্ত ফোন করেও খোঁজ নেননি। এমনকি শাকিব খান প্রসঙ্গে তিনি বলেন, শাকিব খান সরাসরি কোনো সহযোগিতা করতে না পারলেও মিজান চৌধুরীকে নিয়ে কোনো ব্যবসা বা মিথ্যাচার করেননি, যা অভিনেতা জয় চৌধুরী করেছেন।
জয় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলে মিজানের স্ত্রী আরও বলেন, একজন অসুস্থ মানুষকে নিয়ে বড় ধরনের মিথ্যা কথা বলেছেন তিনি। হাসপাতালে ভর্তি করার কথা বলে জয় চৌধুরী ২০ হাজার টাকা দেওয়ার কথা বললেও তা দেননি এবং চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এখন কথা রাখছেন না বলে দাবি করেন তিনি। অসুস্থ স্বামীর এই কঠিন সময়ে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সম্পর্কে মিজানের স্ত্রী বলেন, অসুস্থ মিজানকে দেখতে এসে তিনি ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।
এদিকে মিজানের স্ত্রীর এমন সব অভিযোগ ও ক্ষোভের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা জয় চৌধুরী। ভিডিও বার্তায় তিনি বলেন, কোনো শিল্পীই কখনো অন্য কারও কাছে দায়ী থাকে না যে, তার পাশে এসে দাঁড়াতেই হবে। প্রতিটি মানুষকে তার নিজ নিজ কর্মফল ভোগ করতে হয় এবং সেভাবেই জীবন নির্ধারণ করতে হয়। নিজের জীবনের দায়ভার অন্যের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয় উল্লেখ করে জয় বলেন, তিনি বিপদে পড়লে কেউ তার পাশে এসে দাঁড়াবে না, তাই নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। এ ছাড়া যারা অসুস্থ মিজানের পাশে দাঁড়াচ্ছেন বা সহযোগিতা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্য শুকরিয়া ও দোয়া করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!