ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আমাকে নায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন শাবনূর: সিয়াম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৩, ৪ নভেম্বর ২০২৬
আমাকে নায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন শাবনূর: সিয়াম
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা শাবনূরের অনুপ্রেরণা ও উৎসাহেই মূলত অভিনয়ে পা রেখেছিলেন উদীয়মান অভিনেতা সিয়াম মৃধা। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের মিডিয়াতে আসার পেছনের গল্প এবং তারকাদের নিয়ে নিজের অনুভূতির কথা শেয়ার করেছেন এই তরুণ অভিনেতা।
সিয়াম জানান, তাকে অনলাইনে দেখে চিত্রনায়িকা শাবনূর নিজেই একটি বার্তা পাঠিয়েছিলেন এবং ধারণা করেছিলেন, এই ছেলেটি একদিন ভালো অভিনেতা হতে পারে। তখন মিডিয়ায় ভালো নায়কের সংকট থাকায় শাবনূরের পছন্দের তালিকায় ছিলেন সিয়াম। এরপর তাকে অভিনয়ে আসার প্রস্তাব দিলে পরিবার রাজি হবে না বলে জানান সিয়াম। তখন শাবনূর নিজেই পরিবারের সঙ্গে কথা বলার আশ্বাস দেন এবং পরবর্তীতে পরিচালক সোরওয়ার্দী সোহনকে দিয়ে কল করিয়ে পরিবারের সম্মতি আদায় করেন।
সে সময়ের স্মৃতিচারণা করে সিয়াম বলেন, সবেমাত্র কলেজ ও ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করা একজন সাধারণ মানুষের কাছে শাবনূরের মতো একজন সুপারস্টার নায়িকার ফোন পাওয়াটা ছিল অবিশ্বাস্য। শাবনূর প্রায় তিন ঘণ্টার মতো তার সঙ্গে ফোনে কথা বলেন এবং সিনেমার রঙিন দুনিয়া ও শুটিংয়ের বিভিন্ন মজার অভিজ্ঞতা শেয়ার করেন। সেই গল্পগুলো শোনার পরেই সিয়ামের ভেতরে অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়।
পরে অনার্সে ভর্তি হওয়ার পাশাপাশি তিনি মিডিয়ায় কাজ শুরু করেন। শাবনূর তাকে যেহেতু খুঁজে এনেছেন, তাই সুযোগ পেলে তার সঙ্গে যে কোনো ছোট চরিত্রেও কাজ করতে মুখিয়ে আছেন বলে জানান তিনি।
শাকিব খানকে নিজের অন্যতম প্রধান আইডল হিসেবে উল্লেখ করে সিয়াম জানান, ছোটবেলা থেকেই তিনি শাকিব খানের বিভিন্ন কাজ ফলো করতেন এবং ভিডিও বানাতেন। ২০১৬ সালের পর থেকে ভারতে কাজ শুরু করার পর থেকেই মূলত তিনি শাকিব খানকে নিজের আদর্শ হিসেবে মেনে নেন এবং তাকে দেখেই মিডিয়াতে নিজের অবস্থান শক্ত করার অনুপ্রেরণা পান। পেশায় ছোট পর্দা ও নাটকের পরিচিত মুখ সিয়াম মৃধার জন্ম খুলনায়। 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!