ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আসিফের বিসিবির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৩৬, ৪ নভেম্বর ২০২৬
আসিফের বিসিবির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন তুললেন প্রশ্ন তুলেছেন সংগীতশিল্পী ও সাবেক বিসিবি পরিচালক আসিফ আকবর। পূর্ণাঙ্গ বোর্ডের দায়িত্বে থেকেও কেন হচ্ছে না সেই আয়োজন- খোঁচা দিয়ে বিসিবির বর্তমান নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। 
শুধু বিপিএল নয়, বোর্ডের ভেতরের পরিবেশ, আর্থিক ব্যবস্থাপনা থেকে শুরু করে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান নেতৃত্বের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেন আসিফ। তার অভিযোগ, দায়িত্ব নেওয়ার দেড় মাসের মধ্যেই তারা বিপিএল আয়োজন করেছিলেন। অথচ বর্তমান বোর্ডের সময়ে বিপিএল আয়োজনই সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, বিসিবির বর্তমান কার্যক্রমে ক্রিকেটের চেয়ে অন্যান্য কর্মকাণ্ড বেশি গুরুত্ব পাচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আসিফ। বিসিবি সভাপতি তামিম ইকবালের নাম সরাসরি উল্লেখ না করলেও তার বক্তব্যে বর্তমান বোর্ড নেতৃত্বের প্রতি অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে।
বিপিএল আয়োজনের প্রসঙ্গ টেনে আসিফ বলেন, ‘আমরা দেড় মাস বিসিবির দায়িত্ব নিয়েই বিপিএল আয়োজন করেছি। তাহলে এখন বিপিএল হবে না কেন? কারণ, তারা সক্ষম না।’
সাধারণত বছরের ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতা বিপিএল। গত দুই বছর নানা প্রতিকূলতার মধ্যেও টুর্নামেন্টটি মাঠে গড়িয়েছিল। তবে এবার আর্থিক লোকসান ও বোর্ডের সংস্কারের কথা বিবেচনায় বিপিএল আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তার সেই সিদ্ধান্তের পরই বোর্ডের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সাবেক এই পরিচালক।
তবে আসিফের ক্ষোভ শুধু বিপিএল আয়োজনেই সীমাবদ্ধ নয়। বিসিবির অভ্যন্তরীণ পরিবেশ ও অর্থ ব্যয়ের প্রক্রিয়া নিয়েও একাধিক অভিযোগ তুলেছেন তিনি। তার দাবি, ক্রিকেট পরিচালনার কেন্দ্র হওয়ার বদলে বোর্ড এখন আড্ডার জায়গায় পরিণত হয়েছে।
এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘তারা এখানে একটা একটা আড্ডার জায়গা বানিয়েছে। বিসিবি হয়ে গেছে আড্ডার স্থল। আমরা আইন করে দিয়ে এসেছিলাম ৫ লাখ টাকার বেশি উত্তোলন করতে গেলে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বর্তমানে কোটি কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ার বাইরে ব্যবহার করা হচ্ছে। টাইগার ডেন বানানো হচ্ছে। ওখানে ফ্যান লাগাচ্ছে। মূল খেলার খবর নেই।’
বিসিবির সাবেক এই পরিচালকের বক্তব্যে উঠে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নিয়েও উদ্বেগের বিষয়টি। তার দাবি, অতীতে বিসিবিকে ঘিরে আইসিসির সঙ্গে বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছিল যে বাংলাদেশের ক্রিকেট নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারত।
আসিফের ভাষ্য অনুযায়ী, তৎকালীন বিসিবি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনার একপর্যায়ে বিষয়টি আরবিট্রেশন পর্যন্ত গড়ায়। সেখানে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে আসা প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। জিম্বাবুয়ের এক প্রতিনিধি বাংলাদেশকে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছিলেন। কারণ, এর আগে তার দায়িত্বকালে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।
সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে আসিফ বলেন, ‘আমরা চারজনের একটি প্রতিনিধিদল রেডিসন হোটেলে ছিলাম। জিম্বাবুয়ে থেকে আসা প্রতিনিধি তখন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন, যখন জিম্বাবুয়ে নিষিদ্ধ হয়েছিল। তিনি আমাদের সতর্ক করেছিলেন। আমরা দেখলাম, জিম্বাবুয়ের মতো বাংলাদেশও একই পরিণতির দিকে যাচ্ছে। দুই বছর বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ থাকলে দেশের ক্রিকেট কোনোভাবেই বাঁচবে না। তাই দেশের ক্রিকেটের স্বার্থে আমরা চুপ থাকাই শ্রেয় মনে করেছি।’
তৎকালীন বিসিবি পরিচালনা পর্ষদ গঠন নিয়েও অভিযোগ করেছেন আসিফ। তার দাবি, রাজনৈতিক প্রভাব, মন্ত্রীদের ক্ষমতার অপব্যবহার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ওই বোর্ড গঠিত হয়েছিল। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে।
আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি থাকাকালে বোর্ডের টুর্নামেন্ট কমিটির প্রধান ছিলেন আসিফ আকবর। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে। ওই অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি ছিলেন তামিম ইকবাল।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!