ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাইবান্ধায় ব্যবসায়িক দ্বন্দ্বে ঘরে ঢুকে হত্যা, আটক ৩ 

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২১
গাইবান্ধায় ব্যবসায়িক দ্বন্দ্বে ঘরে ঢুকে হত্যা, আটক ৩ 
ফুলছড়ি থানা-ফাইল ফটো

রাতে নিজ ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন মোহাম্মদ আলী। ঘরের দরজা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে মোহাম্মদ আলীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাতেই হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

গাইবান্ধার ফুলছড়িতে বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। 

নিহত মোহাম্মদ আলী ওষুধ ব্যবসায়ী ছিলেন। তিনি জাতীয় প্রতিবন্ধী সংগঠনের নেতা মজিবর রহমানের বাবা।

ফুলছড়ি থানার ওসি মো. কাওছার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, মোহাম্মদ আলী ওষুধের ব্যবসার পাশাপাশি নকল মুদ্রা ও পুতুলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্ব ও ভাগবাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

ওসি কাওছার আলী জানান, নিহতের স্ত্রী মর্জিনা বেগমের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়ছে। আটক তিনজনের মধ্যে একজন স্থানীয়, একজনের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার মরুয়াদহ গ্রামে ও অপরজনের বাড়ি নেত্রকোনায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে চাননি তিনি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে থানায় মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!