ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অবসরের দিনেই পেনশন, বিদায় সংবর্ধনা

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩০, ১৬ আগস্ট ২০২০
অবসরের দিনেই পেনশন, বিদায় সংবর্ধনা
ছবি: সংগৃহীত

সাধারণত সরকারি চাকরিজীবীদের পেনশনের টাকার জন্য মাসের পর মাস ধর্না দিতে হয়। ঘুরতে হয় বছরের পর বছর।

সেখানে অবসরের দিনেই পেনশন পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন নেত্রকোনা সদর হাসপাতালের অফিস সহায়ক আবদুল গনি মিয়া।

জানা যায়, গতকাল শনিবার ৫৯ বৎসর পূর্ণ হয়েছে গনি মিয়ার। তার অজান্তেই হাসপাতালের তত্ত্বাবধায়ক দুপুরে তাকে বাসা থেকে ডেকে এনে বিদায় সংবর্ধনা দেন।

সংবর্ধনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, আমি এখন এমন একটি কাজ করব, যে কাজ করতে কোনোদিন কাউকে দেখিনি, আপনারাও হয়ত কোনো দিন দেখেননি। তখন তিনি একটি খাম খুলে একটি সাদা কাগজ বের করেন। 

নিজের হাতে লেখা চিঠিতে গনির শেষ কর্ম দিবসেই স্বপ্রণোদিত হয়ে তাকে অবসর আদেশ, পিআরএল এবং লাম্পগ্র্যাান্ট মঞ্জুরের আদেশ দেন তিনি। 

তিনি বলেন, সরকারি কর্মচারীর ওপর অর্পিত দায়িত্ব হল তার ওপর অর্পিত আমানত। প্রত্যেক ব্যক্তিই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। যদি কেউ তার কর্মে ফাঁকি দেন, অবহেলা করেন, অন্যকে হেয় করেন, হয়রানি করেন, ইনটেনশনালী ন্যায়বিচার করতে ব্যর্থ হন, তাহলে তিনি আমানতের খেয়ানত করেন। এ ধরণের কাজ হারাম কাজ। হারাম খেয়ে ইবাদাত করলে ইবাদাত কবুল হয় না।

পেনশনের টাকা পেয়ে আবেগে আপ্লুত হয়ে গনি মিয়া বলেন, আমার ৩৩ বছর চাকরি জীবনে কোনো গাফিলতি করিনি। তিনি আমাকে পেনশনের টাকা এভাবে মঞ্জুর করবেন তা কল্পনাও করিনি। এরকম কর্মকর্তা দেশের সব জায়গায় থাকলে মানুষ হয়রানির শিকার হতো না। আমি তার জন্য দোয়া করি, তার মঙ্গল কামনা করি। 

একটি ঘটনা স্মৃতিচারণ করে ডা. জয়নাল আবেদীন বলেন, দশ বছর আগে মা শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। বহু ঘোরাঘুরি করে অবশেষে অডিটরকে ৩৬ হাজার টাকা ঘুষ দিয়ে পেনশনের টাকা তুলতে পেরেছিলেন। তখন সংকল্প করি, যেদিন পেনশন মঞ্জুরকারী কর্মকর্তা হব, সেদিন পেনশন প্রার্থীর একদিনের মধ্যে পেনশন মঞ্জুর করব।

মানুষের উপকার করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। চাকরি জীবনের শেষ দিনটিতে একজন অবসরপ্রার্থী বিনা কষ্টে অবসরাদেশ পেয়ে যতটুকু শান্তি পেয়েছেন, দীর্ঘদিনের সংকল্প পূর্ণ হওয়ায় আমার আনন্দ এর চেয়ে কম নয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!