ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেওয়ানগঞ্জে অর্ধশত শিয়াল হত্যা, সড়কে ফেলে তরুণদের উল্লাস

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ১৯ জুলাই ২০২০
দেওয়ানগঞ্জে অর্ধশত শিয়াল হত্যা, সড়কে ফেলে তরুণদের উল্লাস
সড়কে পড়ে আছে অর্ধশত মৃত শিয়াল

জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যায় বিপদে পড়া অর্ধশত শিয়ালকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় তরুণরা। এরপর মৃত প্রাণীগুলোকে সড়কে ফেলে রেখে উল্লাস করেছে তারা। শনিবার ওই উপজেলার পাররামরামপুর ইউপির তারাটিয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বন্যার কারণে তারাটিয়া বাজার সংলগ্ন স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে বাঁশের ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে অসংখ্য শিয়াল, গুইসাপ, বেজি, বন বিড়াল। এসব প্রাণী মানুষের বাড়িতে গিয়ে গৃহপালিত হাঁস, মুরগি, কবুতর খেয়ে ফেলছে। এ কারণে ক্ষুব্ধ হয়ে এসব প্রাণীকে পিটিয়ে হত্যা করেছে একদল তরুণ।

সরেজমিনে দেখা গেছে, শনিবার বিকেলে পাররামরামপুর ইউপির বিভিন্ন গ্রামে অর্ধশতাধিক শিয়াল, বনবিড়াল, গুইসাপ পিটিয়ে হত্যার পর সড়কে ফেলে রেখে উল্লাস করছে তরুণরা। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে দেওয়ানগঞ্জের ইউএনও সুলতানা রাজিয়ার।

ইউএনও জানান, বন্যপ্রাণী হত্যার বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রাণিসম্পদ কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!