আগুন নেভাতে গিয়ে পুড়ে গেল যুবক
সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া বাজারে একটি গ্যারেজে রাখা গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত রেদওয়ান আহমদ ২ নম্বর লক্ষীপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় ফায়ারম্যানসহ আরো ১০জন আহত হয়েছেন। আহত ফায়ারম্যান বেলাল হোসেনসহ তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সিলেটের উপ-পরিচালক হুমায়ুন কবির জানান, রাতে আসামপাড়া বাজারের ব্যবসায়ী আলাল মিয়ার গ্যারেজে আগুন লাগে। এক পর্যায়ে গ্যারেজে থাকা প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে। পার্শ্ববর্তী দোকানসমূহে তা ছড়িয়ে পড়লে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় দেওয়ান আহমদ মারা যান। জৈন্তাপুর ও সেনানিবাস ফায়ার সার্ভিসের টিম প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি আরো জানান, আগুনে একটি ক্রাশার মেশিনসহ তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে রাতেই ইউএনও মৌরীন করিম, জৈন্তাপুর মডেল থানার ওসি শ্যামল বনিক ঘটনাস্থলে পরিদর্শনে যান। আহতদের মধ্যে তিনজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।