পুলিশের লুট হওয়া শটগানের ২৫ কার্তুজ উদ্ধার করল এসআরবি ১০
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে পুলিশের লুট হওয়া ২৫ রাউন্ড শটগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে কামরাঙ্গীরচর থানার মধু সিটি আবাসিক এলাকার মেটাডোর হোস্টেল রোডসংলগ্ন খালপাড়ের ঝোপে অভিযান চালিয়ে এসব কার্তুজ উদ্ধার করা হয়।
এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। পরে উদ্ধার করা কার্তুজগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবির পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্রের মজুদ, পরিবহন ও ব্যবহার প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করছে বাহিনীটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। এসব অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা তৈরি হয়। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের নির্দেশনার পর অভিযান আরও জোরদার করেছে এসআরবি।
বাহিনীটি আরও জানায়, এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে এসআরবি।