ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

শ্রমিকদের ন্যায্য দাবিতে সরকারের পূর্ণ সমর্থন: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪১, ১৭ নভেম্বর ২০২৬
শ্রমিকদের ন্যায্য দাবিতে সরকারের পূর্ণ সমর্থন: শামা ওবায়েদ
সংগৃহীত ছবি

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা চলছে। তবে আন্দোলনের নামে চলমান সহিংসতাকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘ইউএন গ্লোবাল ডে সেলিব্রেশনস’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত শ্রমিকদের কোনো সমস্যা নেই। তবে শ্রমিক আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র।

তিনি বলেন, দেশে বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অরাজকতা সৃষ্টির চেষ্টা কতদূর যেতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শামা ওবায়েদ আরও বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, সেই পরিস্থিতি আবারও তৈরির চেষ্টা সফল হতে দেওয়া হবে না।

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিদেশি ক্রেতা ও উন্নয়ন সহযোগীরা যখন বাংলাদেশে বিনিয়োগ করছেন, ঠিক তখনই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!