পিএইচপির নেতৃত্বে সুফি মিজানের তৃতীয় প্রজন্ম
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির ব্যবসায়িক নেতৃত্বে যুক্ত হলেন প্রতিষ্ঠাতা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের নাতি মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন। তাঁকে পিএইচপি গ্লাস ও পিএইচপি অ্যালুমিনিয়ামের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি পিএইচপি ফ্যামিলির তৃতীয় প্রজন্মের প্রথম সদস্য হিসেবে এ পর্যায়ের নেতৃত্বে আসেন।
ভিক্টর মহসিন লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটি থেকে সাইকোলজি ও মার্কেটিং বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি পিএইচপি ফ্যামিলিতে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কাজের মাধ্যমে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন তিনি। পর্যায়ক্রমে বিভিন্ন দায়িত্ব পালনের মধ্য দিয়ে এবার দুটি প্রতিষ্ঠানের ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন।
ব্যবসায়িক পরিকল্পনা ও বাজার সম্প্রসারণে ভিন্নধর্মী উদ্যোগের জন্যও পরিচিত ভিক্টর মহসিন। ভোক্তাদের চাহিদা, বাজারের পরিবর্তন ও নতুন ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা নিতে তিনি নিয়মিত দেশের বিভিন্ন গ্রাম ও শহরের বাজার পরিদর্শন করেন। বিক্রেতা ও ভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলে বাজারের বাস্তব পরিস্থিতি বোঝার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেন।
পিএইচপি গ্লাস ও পিএইচপি অ্যালুমিনিয়ামের নতুন দায়িত্বের পাশাপাশি তিনি পিপলস ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক এবং অক্সিজেন স্পোর্টস জোনের ব্যবস্থাপনা অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিল্প ও বাণিজ্যের পাশাপাশি খেলাধুলা ও বিনোদন খাতেও তাঁর আগ্রহ রয়েছে। অক্সিজেন স্পোর্টস জোনের মাধ্যমে চট্টগ্রাম নগরীতে আধুনিক ক্রীড়া ও বিনোদন সুবিধা সম্প্রসারণে কাজ করছেন তিনি।
ভিক্টর মহসিনের এ পদোন্নতিকে পিএইচপি ফ্যামিলির ব্যবসায়িক নেতৃত্বে প্রজন্মান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শিল্পগোষ্ঠীটির ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও শিল্প কার্যক্রমে তৃতীয় প্রজন্মের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।