লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা, আহত ১০
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনসিপি।
দলটির দাবি, অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের কর্মীরা এ হামলা চালান। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের আয়োজনে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ দলের নেতারা বক্তব্য দেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, হামলার আগেই নাহিদ ইসলামসহ অধিকাংশ অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বের হওয়ার সময় বাইরে অবস্থান নেওয়া হামলাকারীরা তাদের ওপর আক্রমণ করেন। এ সময় দলের নেতাকর্মী ও উপস্থিত ব্যক্তিরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা সরে যান। হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের কর্মীদের নৈরাজ্য ও নাশকতার কিছু চিত্র যুক্তরাজ্যেও দেখা যাচ্ছে। তার অভিযোগ, ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতা জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেও সেই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এর দায় বর্তমান সরকারের বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপির একটি অংশ বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। গত সাত মাসে বিএনপি সরকারের সময়েও ‘রিকনসিলিয়েশন’ ও ‘ইনক্লুসিভিটি’র নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসর দেওয়ার চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগের কর্মীরা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দেওয়ায় এখন বিএনপি বিরোধী দলের সহযোগিতা চাইছে। এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে শর্টসার্কিটের দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, ওই ঘটনায় আওয়ামী লীগের কর্মীরা হামলার দায় স্বীকার করেছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, মানবসম্পদবিষয়ক সম্পাদক ডা. জাহেদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরাও বক্তব্য দেন।
এদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংবর্ধনায় অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম। পোস্টে তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
পোস্টে নাহিদ ইসলাম বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা হামলার ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের কাছে দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক।