শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী আটক
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া (৩৪) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। আটককৃত সেলিম মিয়া শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের মো. ওয়াদুদ মিয়ার ছেলে।
বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী উপজেলার বাবলাকোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেলিম মিয়াকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সেলিম মিয়ার দেয়া তথ্য অনুযায়ী, এ চক্রের সঙ্গে শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের মো. স্বপন ও বৈষ্ঠমপাড়া গ্রামের মো. সুমন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ‘সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’