ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নারীদের যাতায়াতে যুক্ত হচ্ছে আরও ১০০ পিংক বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
নারীদের যাতায়াতে যুক্ত হচ্ছে আরও ১০০ পিংক বাস
সংগৃহীত ছবি

নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা বাড়াতে আরও ১০০টি পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করলেও প্রয়োজনের তুলনায় এ সংখ্যা অপ্রতুল হওয়ায় দ্রুত নতুন বাসগুলো চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

Advertisement

বৈঠকে সড়ক দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নিয়েও আলোচনা হয়। পাশাপাশি নতুন যেসব সড়ক প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলোতে প্রয়োজনীয়ভাবে স্ট্রেইট লাইন নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, কমিটির সদস্য লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানও বৈঠকে যোগ দেন।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন বিভাগ ও দপ্তরের কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমিতে নির্মিত অত্যাধুনিক রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে স্থায়ী কমিটি।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!