ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ওলামা-মাশায়েখ সম্মেলন শনিবার, এক মঞ্চে থাকবেন শীর্ষ আলেমরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৬, ১২ সেপ্টেম্বর ২০২৬
ওলামা-মাশায়েখ সম্মেলন শনিবার, এক মঞ্চে থাকবেন শীর্ষ আলেমরা
ফাইল ছবি

রাজধানীতে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ সম্মেলন’। এতে দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষস্থানীয় ও বর্ষীয়ান আলেমরা অংশ নেবেন। সম্মেলনে বিশ্ব ইজতেমার বিভিন্ন সংকট নিরসন এবং টঙ্গী ইজতেমা মাঠে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Advertisement

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পর্যায়ে ইসলামি মূল্যবোধ রক্ষা এবং টঙ্গী ইজতেমা মাঠের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিকে সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শুরাঈ নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান শুক্রবার (১১ সেপ্টেম্বর) সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ও বর্ষীয়ান আলেম-ওলামারা অংশ নেবেন।

সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের।

এ ছাড়া হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দেশের বিভিন্ন এলাকার আলেমদেরও সম্মেলনে থাকার কথা রয়েছে।

আয়োজকদের দেওয়া তালিকা অনুযায়ী, বিশিষ্ট আলেম মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবীব, চট্টগ্রামের আলেম মাওলানা সালাউদ্দিন নানুপুরী, হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি জসিম উদ্দিন ও মুফতি কেফায়েতুল্লাহসহ আরও অনেকে সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনে ২০১৮ সালের ১ ডিসেম্বর এবং ২০২৪ সালের ১৮ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং তাঁদের চূড়ান্ত শাস্তির দাবি তোলা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

বিশ্ব ইজতেমার বিভিন্ন সংকট নিরসনের বিষয়টিও সম্মেলনে গুরুত্ব পাবে। আয়োজকদের দাবি, এসব বিষয়ে ওলামা-মাশায়েখদের অভিন্ন অবস্থান তুলে ধরাই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

ডেইলি-বাংলাদেশ/এসএস
লিংক সফলভাবে কপি হয়েছে!