চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সরকার সারাদেশের মতো চাঁদপুরে লকডাউন ঘোষণা করেছে এবং সব ধরনের কারখানা বন্ধ ঘোষণা করেছে। সরকারি নিষেধাজ্ঞা চাঁদপুরের সব কল-কারখানা ও কর্মজীবী খেটে খাওয়া মানুষ মেনে চললেও শহরের পুরানবাজার নিতাইগঞ্জ রোডের মিম বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে লাচ্ছা সেমাই তৈরির কাজ।
কুমিল্লা ও বালিয়া থেকে ১০ জন কারিগর এনে গোপনে এই বেকারির মালিক নুর আলম তার বেকারিতে লাচ্ছা সেমাই তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।
শনিবার দুপুরে বেকারিতে দেখা যায়, বড় বড় চুলায় আগুন জ্বালিয়ে অপরিচ্ছন্নভাবে লাচ্ছা সেমাই তৈরির কাজ করছেন শ্রমিকরা। জেলায় কোনো বেকারিতে এখন পর্যন্ত সেমাই তৈরির কাজ না চললেও মিম বেকারির মালিক অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে বেকারির মালিক নুর আলম কোনো বক্তব্য দিতে রাজি হননি।
স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে আনা ১০ জন শ্রমিক এখানে এসে কাজ করছে। বর্তমান এই সময়ে করোণাভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাদের একটাই দাবি প্রশাসন যাতে দ্রুত এই মিম বেকারিতে অভিযান চালিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে।
এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে একটি বেকারি সেমাই তৈরির কাজ শুরু করেছে, তা আমরা জেনেছি। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।