‘গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে এক বছরেই পালাতে হবে’
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে উত্তীর্ণ প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘প্ল্যান প্ল্যান কিসের প্ল্যান, ভেরিফিকেশনের মাস্টার প্ল্যান’, ‘আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ এবং ‘চাকরি নিয়ে প্রহসন, চলবে না চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
.png)
মিছিলে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হচ্ছে। বাংলাদেশ বন কর্পোরেশন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, জুট কর্পোরেশন ও ওভারসিজ এমপ্লয়িজসহ ১১টি প্রতিষ্ঠানে এমন নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, এ ধরনের নিয়োগের মাধ্যমে সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের পথ তৈরি করছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগেও উত্তীর্ণ প্রার্থীদের সুপারিশ বা গেজেট প্রকাশ না করে বিভিন্ন ভেরিফিকেশনের অজুহাতে বাদ দেওয়ার চেষ্টা চলছে।
সাঈদ বিন হাবিব বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও জুলাইয়ের প্রত্যাশার আলোকে সরকারকে দেশ পরিচালনা করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এসে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে।
চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান ঘটে। এরপর গঠিত অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, তেল-গ্যাস ও জ্বালানি সংকটের কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এর মধ্যে দীর্ঘ প্রস্তুতির পর লিখিত পরীক্ষা ও ভাইভায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদেরও নতুন করে বিভিন্ন বাধার মুখোমুখি হতে হচ্ছে।
ইসহাক ভূঁইয়ার অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের প্রতিবাদের মুখে এমন উদ্যোগ সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সরকারকে সতর্ক করে তিনি বলেন, মেয়াদ পূর্ণ করতে চাইলে ছাত্রসমাজ ও জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অন্যথায় জনরোষের মুখে পড়তে হতে পারে। তিনি বলেন, ‘গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে এক বছরেই পালাতে হবে।’
বিক্ষোভ মিছিলে চাকসুর অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।