অধ্যাপক জামালকে চ্যান্সেলর মনোনীত: সিন্ডিকেট সদস্য দাবি সাবেক ছাত্রদল ও জাকসু নেতাদের
জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, সিনেট সদস্য ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন রুনুকে চ্যান্সেলর (রাষ্ট্রপতি) মনোনীত সিন্ডিকেট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ ও জাকসুর সাবেক প্রতিনিধিরা।
.png)
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দেওয়া এক লিখিত প্রস্তাবনায় তারা অধ্যাপক জামাল উদ্দীনের দীর্ঘদিনের রাজনৈতিক, একাডেমিক, প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তাঁর নাম রাষ্ট্রপতির কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
প্রস্তাবনায় বলা হয়, ১৯৮৯ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে অধ্যাপক জামাল উদ্দীনের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়। তিনি ১৯৯২-১৯৯৫ মেয়াদে এবং ২০২৩ সাল থেকে পুনরায় নির্বাচিত সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক।
এতে আরও বলা হয়, ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে গড়ে ওঠা ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ আন্দোলনে তিনি অন্যতম সংগঠক ছিলেন। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভারকেন্দ্রিক আন্দোলনের শুরু থেকে ৫ আগস্টের লংমার্চ পর্যন্ত শিক্ষার্থীদের সংগঠিত করা এবং আন্দোলনের নয় দফা দাবি প্রণয়নেও তিনি ভূমিকা রাখেন বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবনায় তাঁর সামাজিক কর্মকাণ্ডেরও উল্লেখ করা হয়। ২০২৪ সালের আগস্টে ফেনীর বন্যায় ত্রাণ বিতরণ এবং শিক্ষার্থীদের সহায়তায় ‘দান নয়, ধার’ উদ্যোগসহ বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বের কথা এতে তুলে ধরা হয়েছে।
প্রস্তাবদাতারা অধ্যাপক জামাল উদ্দীনের দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং সততার বিষয় বিবেচনা করে তাঁকে রাষ্ট্রপতি মনোনীত সিন্ডিকেট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপাচার্যের প্রতি অনুরোধ জানান।
প্রস্তাবনায় স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক জাকসু ভিপি ও জাবি শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আশরাফ উদ্দিন খান, সাবেক জাকসু এজিএস ও শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল আউয়াল মোল্লা, সাবেক জাকসু জিএস কে. এম. রাশেদুল হাসান, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাবেক জাকসু জিএস মোহাম্মদ শামছুল, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আরমান, সাবেক সভাপতি ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আসাদ, সাবেক জাকসু এজিএস মোখলেছুর রহমান বাদল, সাবেক সভাপতি সোহেল রানা, মো. আশরাফুল আলম, মো. সাইফুল হক ও মো. সাবির হোসাইন, সাবেক জাকসু ভিপি মো. মাসুদ হাসান লিটন এবং শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ড. মো. তৌফিকুল ইসলাম।