ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

আব্দুল হাইয়ের মৃত্যুতে বিএনপির শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৩, ১৫ অক্টোবর ২০২৬
আব্দুল হাইয়ের মৃত্যুতে বিএনপির শোক
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবার্তার কথা জানানো হয়।

দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগ থাকার পর গত রাত ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব। শোকবার্তায় রুহুল কবীর রিজভী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অ্যাডভোকেট রিজভী বলেন, ১৯৭৯ সাল থেকে মরহুম আব্দুল হাই বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের দর্শনে বিশ্বাসী এই দেশপ্রেমিক রাজনীতিবিদ গণতন্ত্র পুনরুদ্বারের প্রতিটি আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করে গেছেন।

তিনি আরও উল্লেখ করেন, একজন জনঘনিষ্ঠ প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য ও পরবর্তীতে মন্ত্রী থাকাকালীন নিজ এলাকাসহ দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়নে আব্দুল হাই অসামান্য অবদান রেখেছেন। ব্যক্তিগত জীবনে প্রাজ্ঞ, সজ্জন ও বিনয়ী ব্যক্তিত্ব হিসেবে দল-মত নির্বিশেষে সর্বমহলে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। বহুদলীয় গণতন্ত্র এবং সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতার সংগ্রামে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

এদিকে, সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে পৃথক শোকবার্তা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!