ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জুলাই সনদ উপেক্ষা করলে সরকার টিকবে না: শফিকুর রহমান
জনগণের গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন উপেক্ষা করে সরকার পরিচালনা করলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশ কোনো সুবিধা পাবে না। বরং অতীতের ফ্যাসিবাদীরা আবারও সুযোগ পাবে। সরকারকে জনগণের গণরায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শফিকুর রহমান।
তিনি বলেন, ‘সরকারকে অত্যন্ত দৃঢ় ও স্পষ্টভাবে আহ্বান জানাব, সমস্যা আপনারা তৈরি করেছেন, সমাধান আপনারা খুঁজে বের করুন এবং জনগণের গণরায় বাস্তবায়ন করুন। তাহলে ২০২৪ সালে যেমন সবাই ঐক্যবদ্ধ ছিলাম, নতুন করে ঐক্যের কোনো প্রক্রিয়া শুরু করার দরকার হবে না। এর ওপরেই জাতীয় ঐক্য তৈরি হয়ে যাবে।’
জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডে অতীতের বাধার কথা তুলে ধরে দলটির আমির বলেন, কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে সাড়ে ১৫ বছর তারা প্রবেশ করতে পারেননি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। এমনকি শেষ মুহূর্তে বেপরোয়া হয়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তবে চার দিনের মাথায় জনগণের আন্দোলনের মুখে সেই সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান তিনি।
বিরোধী দলগুলো তাদের অনেক আপনজন ও নেতৃত্ব হারিয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী তাদের শীর্ষ নেতাদের চোখের সামনে নির্মমভাবে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে দেখেছে। দলের ১২ জন শীর্ষ নেতার বিরুদ্ধে অযৌক্তিক, অন্যায় ও মিথ্যা মামলার মাধ্যমে হত্যার আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাদের মধ্যে ১১ জন পর্যায়ক্রমে মারা গেছেন। কেউ ফাঁসিতে, আবার কেউ কারাগারে অবহেলা, অযত্ন ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন।
নির্বাচনের পরের দিন থেকেই বর্তমান সরকারি দল তাদের অবস্থান পরিবর্তন করেছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, জাতির সঙ্গে দেওয়া ওয়াদা লঙ্ঘন করা হয়েছে এবং গণভোটকে অস্বীকার করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নেও গড়িমসি করা হচ্ছে। এতে গোটা জাতি নতুন করে আশাহত হয়েছে। আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ সভ্য, বসবাসযোগ্য ও নিরাপদ জনপদ হবে কি না, তা নিয়ে মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।
শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারি দলেরও অনেক নেতাকর্মী অতীতে নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের অন্তত একজনকে ফাঁসি দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মী গুম, পঙ্গুত্ব, দেশত্যাগ, চাকরি হারানো এবং ব্যবসা-বাণিজ্যে ক্ষতির শিকার হয়েছেন। তাহলে সরকার কেন তাদের অবস্থান পরিবর্তন করল এবং কেন দেওয়া ওয়াদা ভঙ্গ করল, তার জবাব জাতির সামনে স্পষ্ট করতে হবে।
তিনি বলেন, শুধু গণভোটের রায় বা জুলাই সনদ নয়, আরও অনেক মৌলিক আকাঙ্ক্ষা উপেক্ষা করা হয়েছে। এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা অন্যতম। অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় গঠন, লোকবল নিয়োগ ও অফিস স্থাপন করে কার্যক্রম শুরু করা হয়েছিল। বিএনপিরও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার ছিল। কিন্তু সরকার গঠনের পর সেই সচিবালয় বন্ধ করে দেওয়া হয়েছে এবং লোকবল প্রত্যাহার করা হয়েছে। এটিও জাতির সঙ্গে করা ওয়াদার সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির নির্বাচনী ইশতেহারের ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, সেখানে সংবিধান সংস্কারের কথা বলা হয়েছিল। কিন্তু এখন সরকার সংবিধান সংশোধনের পথে হাঁটছে। জনগণের কাছে সংস্কার, সংবিধান ও সংশোধনের পার্থক্য স্পষ্ট করা প্রয়োজন।
সংস্কার ও সংশোধনের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসে, তা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়, যা গণভোটের রায়। অন্যদিকে সংশোধনের মাধ্যমে আনা পরিবর্তন আদালতে চ্যালেঞ্জ করা যায়। বাংলাদেশে এরকম অন্তত পাঁচটি উদাহরণ রয়েছে। এমনকি সংসদে সর্বসম্মতভাবে পাস হওয়া বিলও উচ্চ আদালত বাতিল করেছে। এ ধরনের লুকোচুরি বন্ধ করে সংসদ ও আদালতের অবস্থান স্পষ্ট করার জন্যই সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি।
অতীতের রাজনৈতিক ধারায় ফিরে না যাওয়ার প্রত্যাশার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কথা ছিল। গোটা জাতিকে অন্তর্ভুক্ত করা এবং মেধার মূল্যায়নের প্রত্যাশা ছিল। আন্দোলনও শুরু হয়েছিল মেধার মূল্যায়নের দাবিতে। একটি মেধাভিত্তিক সমাজ গড়ে তোলার কথা ছিল, যেখানে দলীয় আনুগত্য বিবেচনায় আসবে না।
সরকারের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে স্থানীয় সরকারে অনির্বাচিত প্রতিনিধি না থাকার প্রত্যাশা ছিল উল্লেখ করে তিনি বলেন, বাস্তবে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। পুরো ব্যবস্থাকে দলীয় নেতা ও ক্যাডার দিয়ে দখল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সংসদে দ্রব্যমূল্য নিয়ে তালিকা দেখানো হলেও এক বছর আগে গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম কত ছিল, আর এখন কত—তা বলা হয় না। একইভাবে বিদ্যুতের ইউনিটপ্রতি দাম কত বেড়েছে, সেটিও তুলে ধরা হয় না। নীরবে জনগণের রক্ত শোষণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সব দোষ অতীতের সরকার এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতির ওপর চাপানো হচ্ছে। এতে মনে হয়, বর্তমান সরকারের কোনো দায় নেই। অথচ দুর্নীতির অনেক ঘটনা আড়ালে-আবডালে চলছে, যার কিছু ইতোমধ্যে সামনে এসেছে। দুর্নীতিগ্রস্ত সমাজের কারণেই দেশের এ অবস্থা তৈরি হয়েছে।
শ্রমিক ও শিল্পকে একসঙ্গে বাঁচাতে হবে
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, এটি বড় উদ্বেগের বিষয়। বাংলাদেশের রপ্তানি খাত এমনিতেই পিছিয়ে রয়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের সক্ষমতাও সীমিত। এ খাতে বিদেশি কাঁচামাল ও উপকরণের ওপর নির্ভরতা রয়েছে। ক্যাপিটাল মেশিনারিসহ প্রায় সবকিছু বিদেশ থেকে আমদানি করতে হয়। সর্বোচ্চ ১০ শতাংশ দেশীয় উপকরণ ব্যবহার করা হয়, বাকি ৯০ শতাংশই আমদানি করতে হয় বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, শিল্প খাতে অস্থিরতা এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকরা বাধ্য হয়ে দাবিদাওয়া নিয়ে রাস্তায় নেমেছেন। আমরা বরাবর বলে এসেছি, শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে। তবে শ্রমিক বাঁচলেও শিল্প বাঁচবে। এ দুটি বিষয় পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই শিল্প ও শ্রমিক উভয়কেই রক্ষা করতে হবে।
তৈরি পোশাকশিল্প নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে জামায়াত আমির বলেন, এ শিল্পকে ধসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রতিবেশী দেশগুলোর সংবাদমাধ্যমেও বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে নেতিবাচক ও ধ্বংসাত্মক সমালোচনা করা হচ্ছে। বলা হচ্ছে, এ শিল্পও টিকবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এ শিল্প ধ্বংসের পেছনে তাদেরও কোনো হাত আছে কি না?