ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:০১, ২৮ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা
ছবি: সংগৃহীত

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট কমাতে পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক করিডরকে অগ্রাধিকার দিয়ে একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনায় রয়েছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার এবং রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার সড়কপথ।

এ পরিকল্পনার আওতায় দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার পাশাপাশি সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, স্থলবন্দর, সীমান্তবর্তী এলাকা ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে প্রণীত অ্যাকশন ম্যাট্রিক্সে এসব উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে।

এতে শুধু এক্সপ্রেসওয়ে নির্মাণ নয়, গ্রামীণ সড়ক পাকাকরণ, গুরুত্বপূর্ণ নদীর ওপর নতুন সেতু নির্মাণ, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি, নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক দখলমুক্ত করা এবং দুর্ঘটনা কমাতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের লক্ষ্যও রয়েছে।

পরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্বে থাকবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এ কাজে সহযোগিতা করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাকেও যুক্ত করা হবে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং করা হবে। যেসব সড়কে যানবাহনের চাপ বেশি, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা রয়েছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে, সেসব রুটকে অগ্রাধিকার দেওয়া হবে।

এ ম্যাপিংয়ের মাধ্যমে সম্ভাব্য করিডর, সংযোগ সড়ক এবং গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে। পরবর্তী এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে। পাঁচ বছরের কর্মপরিকল্পনায় এ গ্রিডের পরিধি সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ নেটওয়ার্কের মাধ্যমে দেশের সব জেলার মধ্যে চার লেনের মহাসড়কভিত্তিক যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও সীমান্তবর্তী এলাকার সঙ্গে পণ্য পরিবহন সহজ করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, ‘আমরা এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে চাই, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। এতে শুধু রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে না, সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গেও সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে।’

সড়কমন্ত্রী আরও বলেন, পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটি অংশ সড়ক পরিবহনের ওপর নির্ভরশীল। শিল্পকারখানার কাঁচামাল আনা, উৎপাদিত পণ্য বাজারজাত করা, কৃষিপণ্য পরিবহন এবং দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী চলাচলে সড়ক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে অনেক গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ, অপর্যাপ্ত সড়ক সক্ষমতা, বাজার ও জনবসতিতে যানজট এবং বিভিন্ন স্থানে সড়কের দুর্বল সংযোগ পরিবহনব্যবস্থাকে ব্যয়বহুল করে তুলছে। এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা গেলে দীর্ঘপথে দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগের সুযোগ তৈরি হবে বলে পরিকল্পনায় আশা করা হয়েছে।

গ্রামীণ সড়ক উন্নয়নেও গুরুত্ব

জাতীয় সড়ক যোগাযোগের পাশাপাশি গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব গ্রামীণ সড়ক পাকা করার পরিকল্পনা রয়েছে সরকারের।

এ লক্ষ্যে প্রথম ছয় মাসে এমন এলাকাগুলো চিহ্নিত করা হবে, যেগুলোর সঙ্গে মহাসড়ক, স্থানীয় বাজার ও বাণিজ্যিক কেন্দ্রের যোগাযোগব্যবস্থা দুর্বল। বিশেষ করে কৃষিপণ্য উৎপাদনকারী এলাকা, প্রত্যন্ত জনপদ এবং যোগাযোগ সুবিধাবঞ্চিত গ্রামগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত গ্রামীণ সড়কগুলোতে বড় পরিসরে পাকাকরণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অর্থনৈতিক করিডরের সংযোগ সড়ক হিসেবে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর ফলে কৃষকরা উৎপাদিত পণ্য দ্রুত স্থানীয় বাজার ও বড় বাণিজ্যিক কেন্দ্রে নিতে পারবেন। একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা গ্রহণ সহজ হবে।

গ্রামীণ সড়ক উন্নয়নে শুধু পাকাকরণ নয়, সড়কের স্থায়িত্ব, পানি নিষ্কাশনব্যবস্থা, কালভার্ট ও ছোট সেতুর সক্ষমতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। কারণ, বর্ষা মৌসুমে অনেক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসব বিষয় বিবেচনায় নেওয়া হলে গ্রামীণ যোগাযোগব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব হবে।

অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণে উদ্যোগ

অতিরিক্ত ভারী যানবাহনের চাপে মহাসড়কের স্থায়িত্ব কমে যাওয়া এবং রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

এ লক্ষ্যে প্রথম ছয় মাসের মধ্যে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে। এক বছরের মধ্যে সারা দেশে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ স্টেশনের সংখ্যা বাড়ানো হবে। পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ ও প্রয়োগব্যবস্থা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়নের আগে দেশের গুরুত্বপূর্ণ সড়ক করিডরগুলো চিহ্নিত করা হবে। প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং করার পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

সচিব আরও বলেন, পাঁচ বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন ও জমি অধিগ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এ ব্যবস্থার আওতায় পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহনের নির্ধারিত ওজনসীমা অতিক্রমের বিষয়টি নজরদারিতে আনা হবে। প্রয়োজনীয় প্রযুক্তি ও মনিটরিং ব্যবস্থা চালুর মাধ্যমে অতিরিক্ত ওজন বহনকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে মহাসড়কের ক্ষয়ক্ষতি কমার পাশাপাশি সড়কের স্থায়িত্ব বাড়বে বলে আশা করা হচ্ছে।

নতুন পাঁচ সেতু নির্মাণের পরিকল্পনা

দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর ওপর নতুন সেতু নির্মাণের বিষয়টিও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ।

প্রথম ছয় মাসের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু এবং দ্বিতীয় পদ্মা সেতু (পাটুরিয়া-দৌলতদিয়া) নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।

এক বছরের মধ্যে এ দুটি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। সমীক্ষায় প্রকল্পগুলোর কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা, নির্মাণ ব্যয়, পরিবেশগত প্রভাব এবং বাস্তবায়নের উপযোগিতা যাচাই করা হবে।

পাঁচ বছরের কর্মপরিকল্পনায় এসব গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিম, উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। বিশেষ করে নদীবেষ্টিত অঞ্চলগুলোর সঙ্গে রাজধানী ও অন্যান্য অর্থনৈতিক কেন্দ্রের যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হবে।

এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘একটি কার্যকর এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, বরং পুরো করিডরের কারিগরি সক্ষমতা নিশ্চিত করতে হবে। কোথায় নতুন সড়ক প্রয়োজন, কোথায় বিদ্যমান মহাসড়ক সম্প্রসারণ করা সম্ভব এবং কোথায় নতুন সংযোগ সড়ক নির্মাণ করতে হবে, তা ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।’

তিনি বলেন, এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে সড়কের নকশা, নির্মাণমান, নিরাপত্তা, পানি নিষ্কাশন এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে।

মো. মনিরুজ্জামান আরও বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী কারিগরি প্রস্তুতি ও প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে চাই।’

বাস্তবায়নে অর্থায়ন ও জমি অধিগ্রহণ বড় চ্যালেঞ্জ

সামগ্রিকভাবে সরকারের এ কর্মপরিকল্পনায় সড়ক যোগাযোগকে শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। বরং জাতীয় অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন, নগর ব্যবস্থাপনা, পণ্য পরিবহন ও সড়ক নিরাপত্তার সঙ্গে সমন্বিতভাবে যুক্ত করা হয়েছে।

পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা গেলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যাতায়াতের সময় কমবে, পণ্য পরিবহনের ব্যয় হ্রাস পাবে এবং শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে বিপুল অর্থায়ন নিশ্চিত করা, জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, নির্মাণকাজের মান নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।

একই সঙ্গে নতুন সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি বিদ্যমান সড়কগুলোর রক্ষণাবেক্ষণ এবং নির্মিত অবকাঠামোর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।

পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা গুরুত্বপূর্ণ। তবে এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে কোন রুটে কী পরিমাণ যানবাহন চলাচল করে এবং আগামী ২০ থেকে ৩০ বছরে পরিবহন চাহিদা কতটা বাড়তে পারে, তা বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই যানজটের সমাধান হবে না। সড়ক ব্যবস্থাপনা, গণপরিবহন, পণ্য পরিবহন, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় থাকতে হবে।

মো. হাদিউজ্জামান আরও বলেন, ‘আমাদের দেশে অনেক ক্ষেত্রে নতুন সড়ক নির্মাণের পরও পরিকল্পনাহীন সংযোগ, বাজার ও অবৈধ পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়। তাই এক্সপ্রেসওয়ের পাশাপাশি সংযোগ সড়ক, নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে। আর পাঁচ বছরে ৫০০ কিলোমিটার নির্মাণের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে প্রকল্পের প্রস্তুতি, অর্থায়ন ও জমি অধিগ্রহণের কাজ আগে থেকেই এগিয়ে রাখতে হবে।’

সরকারের কর্মপরিকল্পনায় এসব উদ্যোগকে ২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনেও উন্নত সড়ক যোগাযোগব্যবস্থাকে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত ছয় মাস, এক বছর ও পাঁচ বছরের সময়সীমা অনুযায়ী পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং, ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার লক্ষ্য বাস্তবায়ন হলে সড়ক যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হবে।

সুত্র :বাসস

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!