ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে লাভ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে যারা জ্বালাও-পোড়াও করছে, তারা সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের যেকোনো ধরনের অস্থিরতা ও নাশকতামূলক তৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বিজিবি সদর দপ্তরের হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজই হলো দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা। তারা সব সময় প্রস্তুত থাকে। যেকোনো সময় অস্থিরতা সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কা বিবেচনায় নিয়েই পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। তবে শ্রমিক নামধারী কিছু ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করতে পারে। কিন্তু তারা সফল হবে বলে মনে হয় না।
সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের দু-একটি জায়গায় বিচ্ছিন্নভাবে মশাল মিছিলসহ কিছু কর্মসূচির খবর পাওয়া গেছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। সীমান্তের ওপারে কে কী করছে, তা আমাদের জানা নেই। তবে সীমান্তের এপারে দেশের ভেতরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না।
এ সময় বিজিবি, পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত সদস্যদের খোঁজখবর নেওয়ার কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।
আহত সদস্যদের সাহস জুগিয়েছেন এবং তাদের প্রশংসা করেছেন জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে সাহসিকতার জন্য তাদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োগের আগেই মানসিকভাবে প্রস্তুত থাকেন। তারা শপথ নেন, প্রয়োজনে জীবনের বিনিময়েও জনগণের জানমালের নিরাপত্তা দেবেন এবং আইনশৃঙ্খলা রক্ষা করবেন।
শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা আহত হলেও শ্রমিকদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীগুলো অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তাদের এ ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর।
সীমান্তের ওপার থেকে বাংলাদেশ দখল নিয়ে বিভিন্ন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। একই সঙ্গে অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক কথাবার্তার জবাব তিনি দেবেন না বলেও জানান।