ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিজের স্বপ্ন বুনে অন্য নারীদেরও পথ দেখাচ্ছেন কামরুন নাহার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ২৯ নভেম্বর ২০২৬
নিজের স্বপ্ন বুনে অন্য নারীদেরও পথ দেখাচ্ছেন কামরুন নাহার
দৌলতখানে ‍গৃহবধূ থেকে ভ্যাকসিনেটর হয়ে ওঠা নারী কামরুন নাহার। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে ওঠেন তিনি। এক হাতে কুলিং বক্স, কাঁধে ঝোলানো ব্যাগ, পায়ে বুট। সংসারের চেনা আঙিনা পেরিয়ে ছুটে চলেন গ্রামের এক খামার থেকে অন্য খামারে। কারও মুরগিকে টিকা দিতে হবে, কারও খামারে দেখা দিয়েছে রোগের লক্ষণ। একসময় যার দিন কাটত ঘর-সংসার সামলাতে, আজ তিনিই গ্রামের মুরগির চিকিৎসাসেবার অন্যতম ভরসা। ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা গ্রামের গৃহবধূ কামরুন নাহারের এমন কর্মকাণ্ড এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্বামী-সন্তান আর সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের পরিচয়ে কিছু করার স্বপ্ন ছিল তার। মনের ভেতর সেই আকাঙ্ক্ষা তাকে তাড়িত করত প্রতিনিয়ত। সংসারের কাজের বাইরে নিজের হাতে কিছু করার এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ইচ্ছা থেকেই তার পল্লী মুরগি পালনের যাত্রা শুরু।

সেই যাত্রায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার স্মার্ট পোল্ট্রি উপ-প্রকল্প। এ প্রকল্পের আওতায় লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) প্রশিক্ষণে অংশ নেন তিনি। প্রশিক্ষণে শেখেন মুরগিকে টিকা দেওয়ার কৌশল, রোগ শনাক্তকরণ এবং খামার পরিচর্যার আধুনিক পদ্ধতি। যে হাত এতদিন সামলেছে সংসারের কাজ, সেই হাতেই যুক্ত হয় নতুন পেশাগত দক্ষতা।

প্রশিক্ষণ নিয়েই থেমে থাকেননি কামরুন। গত এক বছর ধরে নিজের খামারের পাশাপাশি আশপাশের বাড়ি বাড়ি গিয়ে মুরগির সেবা দিয়ে আসছেন। কোনো খামারের মুরগি অসুস্থ হয়ে পড়লে কিংবা টিকা দেওয়ার সময় হলে খামারিরা ডাকেন তাকে। এ কাজ থেকে আয় হচ্ছে, তৈরি হয়েছে সামাজিক পরিচিতি ও সম্মান। পাশাপাশি নিজের খামারও এগিয়ে নিচ্ছেন তিনি। বর্তমানে তার খামারে রয়েছে এক হাজার লেয়ার মুরগি।

কামরুনের আগ্রহ, দক্ষতা ও পরিশ্রমে সন্তুষ্ট হয়ে তাকে আরও দক্ষ করে তুলতে প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। স্মার্ট পোল্ট্রি উপ-প্রকল্পের আওতায় তিনি পেয়েছেন ডিবেকার মেশিন, অটো ভ্যাকসিন গান, কুলিং বক্স, অ্যাপ্রন, বুট, সিরিঞ্জ ও নিডেলসহ বিভিন্ন উপকরণ। এসব সরঞ্জাম তার কাজকে করেছে আরও সহজ ও গতিশীল। বেড়েছে সেবার মানও।

কামরুনের এই উদ্যোগে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন স্থানীয় খামারিরা। আগে মুরগির কোনো সমস্যা দেখা দিলে তাদের ছুটতে হতো পশু হাসপাতালে। দূরত্ব ও সময়ের অভাবে অনেকেই হাসপাতালে যেতে চাইতেন না। ফলে পিছিয়ে পড়ত প্রয়োজনীয় টিকাদান কার্যক্রম। এখন বাড়ির কাছেই মিলছে সেই সেবা।

স্থানীয় খামারি রেহেনা বলেন, আগে মুরগির কোনো সমস্যা দেখা দিলে পশু হাসপাতালে নিয়ে যেতে হতো। অনেক সময় অলসতা বা দূরত্বের কারণে নেওয়া হতো না, টিকাও দেওয়া হতো না। এখন বাড়িতে বসেই টিকা দিতে পারছি। এতে মুরগির রোগবালাইও কম হচ্ছে।

একই এলাকার খামারি ছালেখা জানান, বাড়ির কাছে এমন সেবা পাওয়ায় মুরগির রোগের প্রকোপ কমেছে। এতে খামারের উৎপাদন ও লাভ বেড়েছে।

খামারি আবদুর রহমান বলেন, আগে মুরগির ঠোঁট কাটার জন্য (ডিবেকিং) অনেক ঝামেলা পোহাতে হতো। এখন বাড়িতে বসেই এ সেবা পাচ্ছি। এতে মুরগির মৃত্যুহার কমেছে, লাভও বেড়েছে। হাতের কাছে এমন সেবা পাওয়ায় দুশ্চিন্তাও অনেক কমেছে।’

এ বিষয়ে ভোলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান বলেন, জেলা প্রাণিসম্পদ বিভাগে দীর্ঘদিন ধরেই জনবল সংকট রয়েছে। এ অবস্থায় প্রশিক্ষিত ভ্যাকসিনেটররা মাঠপর্যায়ে কাজ করলে আমাদের কার্যক্রমে সহায়তা পাওয়া যায়। তবে তাদের মাধ্যমে যেন কোনো ধরনের অপচিকিৎসা না হয়, সে বিষয়েও নজরদারি রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রকল্প সূত্রে জানা গেছে, স্মার্ট পোল্ট্রি উপ-প্রকল্পের আওতায় লাইভস্টক সার্ভিস প্রোভাইডার হিসেবে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে তিনজন উদ্যোক্তা মাঠপর্যায়ে কাজ করছেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!