ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না: এমপি হাফিজ ইব্রাহিম
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও মানবতাবিরোধী অপরাধ করে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
রোববার বেলা সাড়ে ১১টায় ভোলার দৌলতখান উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি হাফিজ ইব্রাহিম বলেন, বিদেশে বসে দেশে ফেরার আওয়াজ তুললেও তাদের ফেরার কোনো সম্ভাবনা নেই। ইতিহাসে এমন কোনো নজির নেই যে, কোনো স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আবার ক্ষমতায় বা দেশে ফিরে এসেছেন। এটাই সত্য, এটাই বাস্তব। আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ আশ্রয়-প্রশ্রয় দেবেন না কিংবা সহযোগিতা করবেন না। তাদের কোনো অপতৎপরতা চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিয়ে আইনের হাতে তুলে দেবেন।
অনুষ্ঠিত সভায় দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মতিন খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান, দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক কাজি ইকবালসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।