ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ
গোপালগঞ্জ জেলায় লক্ষাধিক মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অস্বাভাবিক লেনদেনের কারণে এসব অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত রাখা হয়েছে। এসব অ্যাকাউন্ট কতদিন বন্ধ থাকবে কিংবা কবে পুনরায় চালু করা হতে পারে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে সরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরবর্তী কয়েক দিনের মধ্যে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এসময় সড়ক অবরোধ করে গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানি এবং অর্থায়ন করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।